ভারতে পর্নো সাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয় বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে সংবিধানের ২১ ধারা লঙ্ঘিত হতে পারে বলে মনে করে দেশটির সর্বোচ্চ আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতে পর্নো সাইটগুলো বন্ধ করার দাবি জানিয়ে যে আবেদনটি হয়, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়—এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু বলেন, ‘প্রাপ্তবয়স্ক কেউ ঘরে বসে পর্নো দেখলে, তা বন্ধ করা যাবে না। এটা ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকারকে ক্ষুণ্ন্ন করবে। এ রকম কাউকে ঘরের ভেতরে কোনো কিছু না দেখতে দেয়াটা আইনের পক্ষে সম্ভব নয়।’
ভারতে পর্নো ওয়েবসাইট বন্ধের আবেদন জানিয়ে সম্প্র্রতি মামলা করেন আইনজীবী কমলেশ বাসওয়ানি। আইনজীবী কমলেশ তার আবেদনে বলেন, ‘পর্নো সাইট বন্ধের বিষয়ে সরকার উদাসীন। তাই আদালতের উচিত—এ বিষয়ে পদক্ষেপ নেয়া। দেশে প্রায় চার কোটি পর্নো ওয়েবসাইট আছে।’
এ দিকে, নিষেধাজ্ঞা জারি না করলেও ইস্যুটি যে গুরুত্বপূর্ণ, তা স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেয়, সে ব্যাপারে অপেক্ষা করার কথা বলেছে আদালত।
