তারেক লন্ডনে বসেই টিউলিপের উপর হামলার চেষ্টা চালিয়েছে: হানিফ

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৬:৪১

মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমান জামায়াত-বিএনপিকে সঙ্গে নিয়ে লন্ডনে বসেই টিউলিপ সিদ্দিকির উপর হামলার চেষ্টা চালিয়েছে। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই আওয়ামী লীগের উপর হামলার চেষ্টা করেছে। শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও তারা বঙ্গবন্ধুর পরিবারের উপর হামলার চেষ্টা করেছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর থেকে বিএনপি যে ক’বার ক্ষমতায় এসেছে, প্রতিবারই জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে হত্যার চেষ্টা করেছে।

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, এই মুহূর্তে নির্বাচনের কোন কারণ দেখছি না। দেশের মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল। বিদেশের রাষ্ট্রপ্রধানরাও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।