রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ফারুক হোসেন (২৫) ও মানিক মিয়া (২৬) নামের দুই যুবক। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেন থেকে পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাপালে পাঠিয়েছে।
ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা আন্তনগর ট্রেন কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেন থেকে অচেতন অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করা হয়। পরে চিকিত্সার জন্য তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ফারুক হোসেন বরগুনার বেতাগী উপজেলার হযরত আলীর ছেলে আর মানিক মিয়া কুমিল্লার লাকসাম উপজেলার আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিত্সাধীন ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ি যাওয়ার উদ্দেশে ওই ট্রেনে ওঠেন। ট্রেনটি যখন ফেনীতে পৌঁছায় তখন পাশের এক যাত্রী তাদের কিছু খেতে দেয়। এরপর কী ঘটেছে তার কিছুই মনে করতে পারছেন না তিনি। সঙ্গে যা ছিল সবই নিয়ে গেছে।
