২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী দুই নেতাকে গ্রেফতার করেছে উগান্ডার পুলিশ। গ্রেফতার দুই নেতা হলেন সাবেক প্রধানমন্ত্রী আমামা এমবাবাজি এবং বিরোধী নেতা কিজ্জা বিসিগি। পুলিশের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এমবাবাজি এবং বাড়ির থেকে বেরুনোর কিছুক্ষণ পর কিজ্জা গ্রেফতার হন।
কেনিয়ার সীমান্তে সমর্থকদের সঙ্গে সাক্ষাতের জন্য রওয়ানা হয়েছিলেন এমবাবাজি। তিনি আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনিকে চ্যালেঞ্জ করতে চেয়েছেন।
এমবাবাজিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উগান্ডা পুলিশের কমান্ডার অ্যান্ড্রু ফেলিক্স কাওয়েসি।
তিন বছর ক্ষমতায় থাকার পর ২০১৪ সালে প্রধানমন্ত্রিত্ব হারান এমবাবাজি।
এ দিকে, বিরোধী নেতা কিজ্জা বিসিগির গ্রেফতার হওয়ার খবরটি রয়টার্সকে নিশ্চিত করেছেন তারই এক সহযোগী নেতা ফ্রান্সিস এমউইজুকি।
তিনি বলেন, ‘সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের জন্য দূতাবাসে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কিজ্জা। পথে তাকে বাধা দেয় পুলিশ। তাকে বাড়ি ফিরতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু রাজি না হওয়ায় কিজ্জাকে গ্রেফতার করে পুলিশ।’
২০১১ সালে পরাজয়ের পর থেকে সরকারবিরোধী আন্দোলন করে আসছেন কিজ্জা বিসিগি।
