সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১৫ লাখ সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সাইবার হামলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতর বা ওপিএম। হ্যাকারদের খপ্পরে পড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে চাকরি প্রার্থী, মার্কিন সরকারি ঠিকাদার ও তাদের ১০ লাখেরও বেশি অংশীদার। এই ঘটনায় ওপিএমের পরিচালক ক্যাথেরিন আরকুলেটা পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ওপিএম যাতে বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারে সেই সুযোগ করে দিতে তিনি পদত্যাগ করছেন।
সাইবার হামলার এ ঘটনায় চীনকেই প্রধান সন্দেহভাজন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলছেন, চীনের হ্যাকাররা এই ঘটনা ঘটিয়েছে। তবে বেইজিং কর্তৃপক্ষ সাইবার হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, সরকার সাইবার হামলা নিয়ে তদন্ত করে যাচ্ছে। সাইবার হামলার মূল্যায়ন প্রতিবেদনে ওপিএম বলছে, ঘটনার তদন্তে দেখা গেছে, বাড়তি আরো অনেক তথ্য চুরি গেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থেকে শুরু করে স্বাস্থ্য তথ্য, অর্থনৈতিক তথ্য, অপরাধমূলক তথ্য এবং সরকারি চাকরিজীবী ও তাদের স্বজনদের নাম-ঠিকানাও।
