সুপার টাইফুন চ্যান হোম চীনের পূর্বাঞ্চলের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে। এর আগে ঝড়টি জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ ও তাইওয়ানে আঘাত হেনেছে।
চীন কর্তৃপক্ষ ঝড়ের আঘাত হানার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৮ লাখ ৬৫ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানায়, ঝড়টি ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে। ১৯৪৯ সালের পর এটা হতে পারে সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর প্রভাবে প্রদেশটিতে বৃষ্টিপাত হতে পারে। প্রদেশটির উত্তরে সাংহাই অবস্থিত।
এনএমসি জানায়, শনিবার সকাল নয়টায় (গ্রিনিচ মান সময় ০১০০) টাইফুনটি ঝেজিয়াং প্রদেশ থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭১মাইল) দক্ষিণপূর্বে পূর্ব চীন সাগরে অবস্থান করছিল। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৭ কিলোমিটার।
খবর এএফপির।