কায়রোর ইতালিয়ান দূতাবাসে বিস্ফোরণে নিহত ১

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৫:৪৮
মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ইতালিয়ান উপ-দূতাবাসে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। 
 
সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, এটি গাড়ি বোমা বিস্ফোরণ। তবে এখনো পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। শনিবার ভোর ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ সময় উপদূতাবাস বন্ধ ছিল। বিস্ফোরণে উপদূতাবাস ভবনের বহির্ভাগের অংশবিশেষ ধসে গেছে। 
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। 
 
এর আগে ঘটনাস্থলে থাকা একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে দুইজন পুলিশ সদস্য ও তিনজন পথচারী আহত হয়েছে।
 
বিবিসির খবরে জানানো হয়েছে, শনিবার সকালের এই বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
IMG0
 
উল্লেখ্য, গত মাসে এই কায়রোতেই গাড়ি বোমা হামলায় মারা গেছেন দেশটির পাবলিক প্রসিকিউটর হিশাম বারাকাত।