‘দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতরা’

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৪:৩৯
রাজধানীর তুরাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতারকৃত ডাকাতদের সম্পর্কে পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না, দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি করে তারা।
 
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই নয় ডাকাতকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
গ্রেফতারকৃতদের দলনেতা ইব্রাহীম। অন্যরা হলেন- আল আমিন, ছিদ্দিক, আলমগীর বক্স, রিয়াজ উদ্দিন, খিজির আহাম্মেদ, সহিদুল, আবদুর রব ও আবদুল হালিম। এ সময় তাদের হেফাজত থেকে সোয়া দুই ভরি সোনা, ছুরি, চাপাতি, দা ও রডের তরবারি জব্দ করা হয়।
 
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা পেশাদার আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। ওই এলাকায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে একত্র হয়েছিল। এর পূর্বেও তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে। দলনেতা ইব্রাহীম ঢাকা-নারায়ণগঞ্জসহ শতাধিক এলাকায় ডাকাতির কথা স্বীকার করেছে।
 
তিনি আরও বলেন, ডাকাতেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না, তবে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি করে। ডাকাতির পর স্বর্ণালংকার তুরাগ থানা এলাকার আবদুর রব ও আবদুল হালিম স্বর্ণকারের কাছে বিক্রি করে। ডাকাতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অপর দুই ভরি সোনা উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।