ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঢাকায়: ডিএমপি

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৪:৩৯

ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এলক্ষ্যে এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল বেছে নেয়া হবে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, ঈদের দু'দিন আগে থেকে নগরীর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে। আর ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে। এবারের ঈদে যাতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে। আর বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করা হবে। পুলিশ ফাঁড়ি, থানা, পুলিশ বক্সগুলো এলাকাভিত্তিক ভাগ করে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।