চকলেট খেয়ে অসুস্থ ১৩৫০ শিশু

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৬:৪৭
 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিষাক্ত চকলেট খেয়ে সহস্রাধিক স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সুরিগাও দেল সুর-এর গভর্নর জনি পিমেনটেল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রাথমিক ও হাইস্কুলের কমপক্ষে ১ হাজার ৩৫০ শিক্ষার্থী শুক্রবার রাতে তাদের পেটে ব্যথা, ডায়রিয়া, বমি হওয়া ও মাথা ব্যথা করছে বলে অভিযোগ করে। এরপর রাতেই তাদেরকে নয় শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।
 
তিনি বলেন, ২৫০ শিক্ষার্থী শনিবারও হাসপাতালে ভর্তি ছিল। তবে বিকেলের দিকে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
শিক্ষার্থীরা টিফিন চলাকালে একটি ভ্যান থেকে ওই চকলেট কিনে খায়। এসব চকলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে নয় পুরুষ ও নারীকে আটক করা হয়েছে।
 
গভর্নর বলেন, ‘কেবল স্কুলের শিক্ষার্থীদের কাছে চকলেটগুলো বিক্রি করাই ছিল সন্দেহভাজনদের উদ্দেশ্য।’

খবর বাসসের।