ভারত-পাকিস্তান আলোচনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৬:৫৮
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উফায় শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মার্ক টোনার শুক্রবার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, মোদি ও নওয়াজের মধ্যকার বৈঠক ও ভবিষ্যতে দ্বিপক্ষীয় বিষয়ে তাদের একসঙ্গে কর্মকাণ্ডের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
 
এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে অচল হয়ে থাকা আলোচনা পুনরুজ্জীবিত করতে এবং মুম্বাই হামলা মামলায় জড়িতদের বিচার জোরদার করতে দুই নেতার সিদ্ধান্তেরও প্রশংসা করছে যুক্তরাষ্ট্র।
অল ইন্ডিয়া রেডিওর খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রশংসা করে বলেছেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক তাদের ও এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
 
খবর বাসসের।