ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো এবং সুনিল নারাইন বেশ কিছু দিন যাবত টেস্ট ক্রিকেট খেলছেন না। তবে এ তিন খেলোয়াড় লংগার ভার্সনে ফেরার সিদ্ধান্ত নিলে তাদেরকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন।
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট এবং বর্তমানে ক্যারিবিয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন। কিন্ত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল থেকে নিজকে গুটিয়ে রেখেছেন।
অলরাউন্ডার ব্রাভো প্রায় পাঁচ বছর আগে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন। স্পিনার সুনিল নারাইন লংগার ভার্সনে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৩ সালের ডিসেম্বরে।
বর্তমানে সিপিএল খেলতে থাকা রামদিন বলেন, এই তিন জনের টেস্ট স্কোয়াডে ফেরা নিয়ে তিনি কিংবা ওয়েস্ট ইন্ডিজ দলের অন্য কোন খেলোয়াড়ের সঙ্গে কোন ঝামেলা নেই।
৩০ বছর বয়সী রামদিন বলেন, ‘ক্রিস এবং ডোয়াইনের মত খেলোয়াড়দের বিশাল অভিজ্ঞতা অনেক বড় কিছু। ওয়েস্ট ইন্ডিজ দলে তাদের ফেরাটাকে আমি সব সময় স্বাগত জানাব।
খবর বাসসের।
