খাগড়াছড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে তাদের বরখাস্ত করা হয়।
অভিযুক্তরা হলেন- ডিস্ট্রিক্ট স্পেশাল বেঞ্চ (ডিএসবি) সদস্য মো: ফিরোজুল ইসলাম, মো:মনিরুজ্জামান এবং ডিবি সদস্য মো:হাফিজুর রহমান।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, প্রাথমিক তদন্তে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে আটক করে সদর থানা হাজতে রাখা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাতে পুলিশের ঐ তিন সদস্য ডিবি পরিচয়ে জেলা শহরের গঞ্জপাড়া এলাকায় মাপ্রু মারমা নামের এক গৃহবধূর বাড়িতে মাদকদব্য বিক্রি করা হয় এই অভিযোগে তার স্বামী ক্যাচিং মারমাকে হাতকড়া পড়িয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদের থানায় নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখিয়ে নগদ ২৫ হাজার টাকা আদায় করে ক্যাচিংকে ছেড়ে দেয়।
পরে এই ঘটনা পুলিশ সুপার মো:মজিদ আলীকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে তিন পুলিশ সদস্যকে আটক ও বরখাস্ত করে হাজতে রাখা হয়।
