তিউনিসিয়ায় আল কায়েদার সঙ্গে যুক্ত এক জিহাদি গ্রুপের সিনিয়র জঙ্গি নেতা নিহত হয়েছে। গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত পাঁচ জঙ্গির মধ্যে তিনি একজন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাউ শনিবার তার টুইটার বার্তায় বলেন, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে মুরাদ ঘারশালি শুক্রবারের হামলায় নিহত হয়েছে।
এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মধ্যাঞ্চলীয় গাপসা এলাকায় শুক্রবারের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
ঘারশালি (৩২) তিউনিসিয়ার অন্যতম সক্রিয় জিহাদি গ্রুপ ওকবা ইবনে নাফা ব্রিগেডের নেতা। দেশটিতে সাম্প্রতিক সময়ের ব্যাপক সহিংসতার জন্যে গ্রুপটিকে দায়ী করা হচ্ছে।
তিউনিসিয়ায় ২০১১ সালে গণ আন্দোলনে স্বৈরশাসক জাইন বেন আলীকে ক্ষমতাচ্যুত করার পর কট্টর ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। সূত্র: এএফপি
