ফের ব্রাজিলে ফিরলেন রোনালদিনহো

আপডেট : ১২ জুলাই ২০১৫, ২২:৪৮
 
প্যারিস সেইন জার্মেইন, বার্সেলোনা, এসি মিলান—এসব জায়ান্ট ক্লাবের হয়ে খেলা রোনালাদিনহো ফের ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরছেন। ব্রাজিলের ক্লাবটি শনিবার তাদের ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে। স্বদেশী ক্লাবটিতে ফিরে এসে ১৭ মাসের চুক্তিতে আবদ্ধ হয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। এর আগে মেক্সিকোর ক্লাব কেরেতারোর হয়ে এক বছর খেলেছেন এই ব্রাজিলিয়ান। এর আগেও ২০১১-১২ মৌসুমে ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলেন রোনালদিনহো।
 
ফিফার দু’বারের বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো বার্সেলোনার হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা। এসি মিলানের হয়ে জেতেন সেরি আ’র শিরোপা। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ সালে প্রথম বিশ্বকাপ খেলেই শিরোপা ঘরে তুলেন। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপও জিতেছেন তিনি। এতসব সাফল্য থাকলেও রোনালদিনহোর ব্রাজিলের সেরি আ শিরোপা জেতা হয়নি। সেই অপূর্ণতা পূরণ করার লক্ষ্যেই এবার তার ব্রাজিলে ফেরার অন্যতম কারণ বলে জানান এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, ‘একটা শিরোপা, যেটা আমি জিততে পারিনি। অন্যান্য ব্যাপারগুলোর সাথে এটা আমাকে আবার ব্রাজিলে ফিরতে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে।’
 
রোনালদিনহো এর আগে ব্রাজিলের তিনটি ক্লাবে খেললেও দেশটির বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় কখনও খেলা হয়নি তার। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে বলে মনে করছেন তিনি। ব্রাজিলের সেরি আ’র পয়েন্ট তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ফ্লুমিনেসে ক্লাবের হয়ে ২৭ জুলাই থেকে অনুশীলন শুরু করার কথা রোনালদিনহোর।