ভাষানটেকে স্ত্রী-সন্তানকে বেঁধে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ০২:১০

রাজধানীর ভাষানটেকে বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে বেঁধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মো. মনসুর (৫৫)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। গতকাল রবিবার ইফতারের পর এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

 
ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল ইফতারের পর ভাষানটেকের এমপি চেকপোস্ট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে কয়েকজন ঢুকে মনসুরকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনসুরের মৃত্যু হয়।
 
ওই থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, হত্যাকারীরা ওই বাসার মালামাল লুট করে নিয়ে গেছে। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
 

ওই এলাকার বাসিন্দা মো. আবুল বলেন, ইফতারের পর ডাকাত ডাকাত চিত্কার শুনে আমরা কয়েকজন চতুর্থ তলার বাসায় ছুটে গিয়ে দেখি মনসুরের গলায়, পেটে ও পিঠে ছুরির কোপের জখম। পাশে তার স্ত্রী ও মেয়ের হাত-পা বাঁধা ছিল।