এবার ঈদেও আফজাল-সুবর্ণা

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ০২:৩৪

টিভি নাটকের চির সবুজ জুটি আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা। এবারও আফজাল-সুবর্ণা জুুটির একমাত্র টেলিফিল্ম চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। ‘তবুও আমারে দেবো না ভুলিতে’ নামের টেলিফিল্মটি রচনা করেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন আরিফ খান। টেলিফিল্মে আরও অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রওনক হাসান, সানজিদা প্রীতি প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

 

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে আফজাল হোসেন একজন খ্যাতিমান চিত্রশিল্পী। তার স্ত্রী একজন চিকিত্সক। দু’পেশার এই দু’জনের মধ্যে মিল-অমিল রয়েছে অনেক। দু’জন দু’জনকে ভালোবাসলেও কোনো এক কারণে দু’জনই আলাদা হয়ে যায়। মাঝে কেটে যায় কয়েকটি বছর। কেউ কারও কোনো খবর রাখেন না। যে যার মতো ব্যস্ত থাকেন। কিন্তু হঠাত্ই দেখা হয় দু’জনের। তখনই ঘটতে থাকে একের পর এক ঘটনা।