গ্রিসের ঋণসঙ্কট সমাধানে ইউরোপীয় একক মুদ্রায় ধরে রাখার আলোচনা শুরু করার আগে আস্থা ফিরিয়ে আনার দাবি করেছে ইউরো জোনের দাতারা। চলতি সপ্তাহেই মূল সংস্কার কর্মসূচিগুলো শুরু করতে গ্রিসের প্রতি চাপ সৃষ্টি করছেন নেতারা। এজন্য গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে পার্লামেন্টের মাধ্যমে আইন জারি করতে বলেছেন জোনের নেতারা। রয়টার্স।
জরুরী শীর্ষ বৈঠকে প্রায় দেউলিয়া হয়ে পড়া গ্রিসের সঙ্গে রবিবার গভীররাতেও কঠোর অবস্থানে ছিলেন তারা।
কর ও পেনসনসহ বেইল আউট কর্মসূচীর ছয়টি মূল প্রস্তাব বুধবার রাতের মধ্যে গ্রিসের পার্লামেন্টে পাস করে আইন জারি করার কথা বলা হয়েছে। এছাড়া আলোচনার শুরু করার আগেই বেইল আউটের পুরো প্যাকেজের পক্ষে গ্রিক পার্লামেন্টের সমর্থন চাওয়া হয়েছে।
ইউরো গ্রুপের অর্থমন্ত্রীদের খসড়া সিদ্ধান্তের যে তালিকা জোনের নেতাদের কাছে পাঠানো হয়েছে তাতে এসব কথাই বলা হয়েছে।
শর্তগুলো মানতে ব্যর্থ হলে গ্রিসকে ‘সাময়িকভাবে’ ইউরো জোনের বাইরে রাখার জার্মানির প্রস্তাবও ওই সিদ্ধান্তগুলোর মধ্যে রাখা হয়েছে।
