গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদালত অবমাননায় জরিমানার দণ্ডের আপিল শুনানি ২৬ জুলাই পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে জাফরুল্লাহর আইনজীবী তৌফিক হোসেন সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এই আদেশ দেয়।
ব্রিটিশ নাগরিক ও বাংলাদেশে নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেয়া ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় গত ১০ জুন আদালত অবমাননার দায়ে তাকে এক ঘণ্টার কারাদণ্ড (ট্রাইব্যুনালের এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২। আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার দণ্ড ভোগ করলেও জরিমানা দেবেন না জানিয়ে আদালতের ভেতরে-বাইরে নানাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর আবেদনে তাকে ট্রাইব্যুনালের দেয়া পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ গত ১৬ জুন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয় আবেদনটি। আজ এই আপিল শুনানি ২৬ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়।
