কলম্বিয়ায় সহিংসতা বন্ধে বামপন্থী ফার্ক বিদ্রোহীদের সাথে সমঝোতায় উপনীত হয়েছে দেশটির সরকার। রবিবার কিউবার রাজধানী হাভানায় কূটনীতিকরা এ কথা জানান।
এই সমঝোতাকে উভয়পক্ষের মধ্যে থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা ২০১২ সালের নভেম্বরে হাভানায় শুরু হয়। কিন্তু সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় এ আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল।
বুধবার ফার্ক বলেছে, তারা একমাসের অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এই অস্ত্র বিরতি কার্যকর হবে।
কলম্বিয়া সরকার রবিবার গেরিলা গ্রুপটির বিরুদ্ধে অভিযান সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছে। শান্তি আলোচনা শুরুর পর দেশিটির সরকার প্রথমবারের মতো এই উদ্যোগ নিলো।
শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী কিউবা ও নরওয়ের কূটনীতিকরা এক যৌথ বিবৃতিতে জানান, ফার্ক বিদ্রোহীদের সহিংসতা বন্ধের বিনিময়ে কলম্বিয়া সরকার ২০ জুলাই থেকে সামরিক অভিযান সীমিত করবে। এছাড়াও শান্তি আলোচনা পুনরায় শুরুর পদক্ষেপকে উভয়পক্ষই স্বাগত জানিয়েছে।
