রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রাজন আলী (৫০) নামে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে তেজগাঁও বিএএফ শাহীন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন আলী উত্তরা হাই স্কুল এ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। তার বাসা উত্তরায় এলাকায়।
কাফরুল থানার এএসআই মাজহারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ পরিবহন নামে একটি বাস রাজন আলীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৩টায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
