বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল চট্টগ্রামে

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ০১:৩৮

সিরিজ নির্ধারণী ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় দুই দল। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে পরে তাদের নেয়া হয় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু-তে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারায়। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ২১ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৩০ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
 
গতকাল দুই দলই ছিল বিশ্রামে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সফরকারী দক্ষিণ আফ্রিকা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল।
 
আজ থেকে টিকিট বিক্রি শুরু
 

চট্টগ্রাম ভেন্যুর ওয়ানডে ও টেস্ট ম্যাচের টিকিট নগরীর হালিশহর, দামপাড়া, মুরাদপুর ও আন্দরকিল্লায় ইউসিবি’র চার শাখায় ইউ ক্যাশের মাধ্যমে দর্শকরা ক্রয় করতে পারবেন। তাছাড়া আজ সকাল ৯টা থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ভবনের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য পশ্চিম গ্যালারী ২৫০, পূর্ব গ্যালারী ১৫০, ক্লাব হাউস ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারী ১ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৩ হাজার টাকা।