পুলিশের সোর্সকে থাপ্পড় মারার জেরে বিয়ে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে জনি নামের এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পল্লবী থানার ওসিসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতি প্রাপ্তরা হলেন-পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, এসআই আবদুল বাতেন, রাশেদ, শোভন কুমার শাহা ও কনস্টেবল নজরুল। অন্যদিকে পল্লবী থানার এএসআই রাশেদুল, কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স সুমন ও রাশেদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
অতিরিক্ত পিপি তাপস কুমার বলেন, মামলাটিতে পল্লবী থানার ওসি জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কিন্তু বিচার বিভাগীয় তদন্তে এসআই জাহিদসহ পরোয়ানাপ্রাপ্ত অন্য ৪ জন অভিযুক্ত হয়। এদের মধ্যে তদন্তে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়ায় এসআই কামরুজ্জামানকে অন্তর্ভুক্ত করা হয়। তার নাম এজাহারে ছিল না।
