মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংর্ঘষে বাস চালকসহ নিহত হয়েছে চারজন। এ ঘটনায় আহত হয়েছে আটজন।
নিহতদের মধ্যে বাস চালক রাসেল মিয়ার (৩৮) নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মানিকগঞ্জ সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাস চালক রাসেলের মৃত্যু হয়।
