খুলনায় ৭ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৭:৩৬
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব সাতটি পাটকলের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।  ঈদের আগে সরকারি কল-কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-মজুরি ও বোনাস প্রদানের কথা থাকলেও এসব পাটকলের শ্রমিকদের বঞ্চিত করা হলে এ ধর্মঘটের ডাক দেয় তারা।
 
মঙ্গলবার দুপুর দুইটায় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন ক্রিসেন্ট জুট মিলের সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ধর্মঘটের ডাক দেন।
 
এ সময় তিনি বলেন, ‘চলতি মাসের প্রথম দিকে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ঈদের আগে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মন্ত্রীর সে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।’
 
ধর্মঘটের কারণে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন জুটমিল এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুটমিলে উৎপাদন বন্ধ রয়েছে।