ঈদের আগে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৮:১৭
 
ঈদের আগে শেষ কার্যদিবসে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার উভয় বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। এতে টানা ছয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ইতিবাচক প্রবণতায় থাকল। ছয় কর্মদিবসে ডিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৩০ পয়েন্ট। লেনদনও উঠে এসেছে ৫০০ কোটি টাকার ওপরে।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৭ বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৫ বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২০ কোটি ৬৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৩২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭১ বেড়ে ১৪ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।