'ইরাকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে'

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ২০:০৬
 
ইরাক যুদ্ধে বেসামরিক জনগণকে মূল লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির সোমবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। —খবর আল জাজিরার।
 
বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর বেশিরভাগ হামলার ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তবে ইরাকি সৈন্য ও এর মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগও আনা হয়েছে।
 
জাতিসংঘ বলেছে, ইরাকি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণকালে বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এমন সময় এ অভিযোগ এলো যখন আনবার প্রদেশে আইএস সদস্যদের বিরুদ্ধে জোরালো হামলা শুরু করেছে ইরাকী বাহিনী।
 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এক মুখপাত্র জানান, ইরাকে ব্যারেল বোমা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিলের শেষ পর্যন্ত ইরাকে ৩ হাজার ৩৪৫ বেসামরিক নাগরিক নিহত ও ৭ হাজার ৪২৩ জন আহত হয়েছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বাগদাদ, আনবার ও দিয়ালা প্রদেশে।
 
উল্লেখ করা হয়েছে, সরকারি বাহিনীর মিত্র সশস্ত্র দলগুলো বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা ও লুটপাট চালাচ্ছে।