নিম্ন আদালতের কার্যক্রম

মনিটরিং কমিটি গঠন প্রধান বিচারপতির

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ২১:৫৮
 
 
নিম্ন আদালতের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে মনিটরিং কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। হাইকোর্টে কর্মরত বিচারকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
 
পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি করা হয়েছে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. শওকত হোসেন। মনিটরিং কমিটিকে তাদের চাহিদা মোতাবেক সকল ধরনের তথ্য-উপাত্ত সরবরাহ করতে নিন্ম আদালতের সকল পর্যায়ের বিচারকদেরক নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
 
প্রধান বিচারপতির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, গঠিত কমিটি কার্য সম্পাদনের ক্ষেত্রে অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমুহ আকস্মিক পরিদর্শন করবেন। এ ছাড়া, কমিটির কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে কমিটিকে অধস্তন আদালত/ট্রাইব্যুনালসূমহ পরিদর্শনকালে যেসব তথ্য-উপাত্ত ও নথিপত্র প্রয়োজন হবে তা তাদের চাহিদা মোতাবেক সরবরাহ করবে।
 
দেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিভাগীয় বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, জননিরাপত্তা ট্রাইব্যুনালসহ সকল চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে এ তথ্য-উপাত্ত সরবরাহ করতে নির্দেশ দেয়া হলো।