আইসিসির বর্তমান চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের যেকোন পদে নির্বাচনের ব্যাপারে দুই বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে সেদেশের সুপ্রিম কোর্টের নিযুক্ত একটি ট্রাইব্যুনাল। এ রায়ের প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আদিত্য ভার্মা শ্রীনিবাসনকে আইসিসিতে ভারতের প্রতিনিধিত্ব করতে না দিতে ভারতীয় বোর্ডকে অনুরোধ জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৩ সালে সংঘটিত স্পট ফিক্সিং দুর্নীতির বিষয়ে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের রায়ে শ্রীনির বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করা হয়। রায়ে শ্রীনিবাসনের মেয়ের জামাই চেন্নাই সুপার কিংসের গুরুনাথ মেইয়াপ্পান এবং রাজস্থান রয়্যালসের অংশীদার রাজ কুন্দ্রাকে ক্রিকেট সংশ্লিষ্ট কাজ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও শ্রীনিবাসনের কোম্পানি ‘ইন্ডিয়া সিমেন্টস’ এর মালিকানাধীন আইপিএল’র দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
‘ইন্ডিয়া সিমেন্টস’র বিরুদ্ধে আইপিএল থেকে প্রাপ্ত আয়ের পাঁচ শতাংশ অর্থ ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ ছিল।
শ্রীনিবাসন ২০১১ সালে নির্বাচিত হয়ে তিন বছর বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই পদে থাকাকালীন তিনি আইসিসিরও দায়িত্ব নেন। কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগ তদন্তানাধীন থাকা অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেও আইসিসি চেয়ারম্যানের পদটি ধরে রাখেন তিনি।
সর্বশেষ শ্রীনিবাসন জানিয়েছেন, তিনি আইসিসি থেকে সরে দাঁড়াবেন না। তিনি দাবি করেন, চেন্নাই সুপার কিংসের ব্যাপারে তার কিছুই করণীয় নেই।
