খবর পিছু ছাড়ে না!

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ০২:১৪
একের পর এক ঘটন-অঘটনের নায়িকা হিসেবে প্রতীয়মান হচ্ছেন মাহী। মাত্র একদিন দু’দিন আগেই ইত্তেফাকের ফটোশুটে পুরো একবেলা সময় দিলেন। এরপরই মাকে নিয়ে বাড়ি ফেরার সময় হঠাত্ দূর্ঘটনা। এবারে ঢালিউড শীর্ষ নায়িকা মাহিয়া মাহী সড়ক দূর্ঘটনায় পতিত হয়েছেন। প্রাণে বেঁচে গেছেন একটুর জন্য। মাহীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়েছে। আহত হয়েছে এক শিশু।
জানা গেছে, মাহী নিজেই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার মা। গ্রামের বাড়ি থেকে তিনি ফিরছিলেন ঢাকায়। মাহীর ভাষ্যে, পথে গাড়ির সামনে একটি বাইসাইকেল এসে পড়ায় তিনি আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে করে মাহী ও তার মায়ের তেমন কোনো ক্ষতি না হলেও এক পথচারী শিশু আহত হন। তাকে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গাড়িটি খালের পানিতে প্রায় ডুবে গেলেও মাহী ও তার মা স্থানীয়দের সহযোগিতায় স্বাভাবিকভাবেই ডাঙ্গায় উঠে আসেন।