রাজন হত্যা: রিমান্ডে ময়না, দুলাল গ্রেফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৬:০৭
 
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়া সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাহেদুল করিম রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে দুপুরে ময়নাকে  আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন।
 
এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দুপুরে কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুলাল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, গ্রেফতার দুলাল শেখপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। নির্যাতনের সময় দুলালও রাজনকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। মারধরের ভিডিওতেও তাকে দেখা গেছে।

 
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের টুকের বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ময়না মিয়াকে গ্রেফতার করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
 
এর আগে নিহত রাজনের মামা ওমর ফারুক সাংবাদিকদের বলেছিলেন, ‘ময়না চৌকিদারের চরিত্র নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সে ছোট ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে।’ আর সৌদি আরবে গ্রেফতার হওয়া কামরুলের ভাষ্যমতে, এই ময়না চৌকিদারই রাজনকে ধরে আনে।
 
গত বুধবার সকালে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে।