মুম্বাই বিস্ফোরণে প্রথম অভিযুক্তের ফাঁসি ৩০ জুলাই

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৬:৪৪
 
মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত প্রথম আসামি হিসেবে ইয়াকুব মেমনের ফাঁসি হতে চলেছে। আগামী ২১ জুলাই ভারতের শীর্ষ আদালত ইয়াকুবের শেষ আবেদনে সাড়া দিলে আগামী ৩০ জুলাই সকাল ৭ টায় নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হবে তার।
 
১৯৯৩ মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্তদের মধ্যে প্রথম মেমনের ফাঁসি হতে চলেছে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবন্দর ফড়নবিশ বলেছেন, 'সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী যাবতীয় কাজ করা হবে। সময় এলেই পরবর্তী করণীয় প্রকাশ করা হবে।'
 
২০০৭ ফাঁসির নির্দেশ দেয়ার পর চলতি বছর এপ্রিলে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় ভারতের শীর্ষ আদালত। সেক্ষেত্রে বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী মেমনের ফাঁসির সমস্ত রকম ব্যবস্থা শুরু করে দেয় মহারাষ্ট্র সরকার।
 
রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনও খারিজ করে দেয়া হয়।
 
১৯৯৩ সালে মু্ম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন প্রাণ হারান। আহতের সংখ্যা ৭০০-র বেশি। মুম্বইয়ের জনবহুল এলাকায়, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সিনেমা হল, বাজারসহ মোট ১৩টি জায়গায় বিস্ফোরণ হয়। এই ঘটনায় আর্থিক লেনদেনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মেমনকে। সূত্র: জি নিউজ