ভারতে আদেশ অমান্য করায় ১৮ বছরের এক মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে তার পাষণ্ড বাবা। সোমবার ভারতের উত্তর প্রদেশের মীরাটের মবিননগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মেয়েকে হত্যার পর ৫৫ বছর বয়সী বাবা সাইদ মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মেয়েটি সাইদের ছয় মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। বাবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায়শই সে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং কিছুদিন তার আর কোন খোঁজ থাকত না। এতে তার বাবা তার ওপর বেশ ক্ষিপ্ত ছিল।
লিসাদি পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র সিং বলেছেন, সর্বশেষ সে এক মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার যখন সে বাড়ি ফেরে তখন বাবার সঙ্গে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে সাইদ রশি দিয়ে তার মেয়ের গলা পেঁচিয়ে ধরে। এতে শ্বাস বন্ধ হয়ে সে মারা যায়।
