ফের আটক ফিলিস্তিনের সেই অনশনকারী

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৮:৪৫
 
৬৪ দিন অনশন করে ইসরাইলের কারাগার থেকে মুক্তির ২৪ ঘন্টা না পেরুতেই আবারো আটক করা হয়েছে ফিলিস্তিনের খাদের আদনানকে। সোমবার রাতে আল-আকসা মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
এর আগে গত বছরের জুলাই মাসে পশ্চিম তীরের আরেবেহ এলাকার নিজ বাড়ি থেকে আদনানকে গ্রেফতার করেছিল ইসরাইলি সেনাবাহিনী। গত এক বছর ধরে তাকে বিনাবিচারে আটক রাখা হয়। এর প্রতিবাদে গত ৬ এপ্রিল থেকে অনশন শুরু করেন আদনান।
 
অবস্থার অবনতি হলে চলতি মাসের গোড়ার দিকে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আদনানকে ওষুধ সেবনে রাজি করাতে পারেনি ইসরাইলি কর্তৃপক্ষ। টানা ৫৬ দিনের অনশনে মৃত্যুঝুঁকি দেখা দিলে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়  তেলআবিব। তাকে আর গ্রেফতার না করার প্রতিশ্রুতিও দিয়েছিল ইসরাইল।
 
ফিলিস্তিনি ও ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে লাইলাতুল কদর উপলক্ষে আল আকসা মসজিদে যাচ্ছিলেন খাদের আদনান। সেখান থেকে তাকে আটক করা হয়।
 
মুসলমানদের আল-আকসায় যাওয়ার ব্যাপারে ইসরাইলি কর্তৃপক্ষের কঠোর বিধি নিষেধ রয়েছে। মসজিদটিতে কেবল ৩০ থেকে ৫০ বছরের ব্যক্তিরা প্রবেশ করতে পারেন। অন্যদের এতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল। সূত্র: এএফপি