রাজধানীর সবুজবাগ থানার সন্ত্রাসী তালিকার ১ নম্বর সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে বাসাবো বালুর মাঠের পাশ থেকে তাকে গ্রেফতার করে। তার নাম রমজান ওরফে কালা রমজান (৩০)। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, গুলিবর্ষণ ও ছিনতাইসহ ১০ টি মামলা রয়েছে।
সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রমজান সাভারের রাজীব হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া, সবুজবাগ থানা এলাকায় গুলি চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৩টি মামলা রয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বালুর মাঠের পাশে একটি পুকুরপাড়ে তার সহযোগীদের নিয়ে বসে ছিলেন তিনি। পুলিশ এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
