বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪০ ওভারে। এদিকে আবারো দক্ষিণ আফ্রিকার ওপর চাপ ধরে রেখেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান।
এর আগে মাত্র ৫০ রানের মধ্যে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন হাশিম আমলা। কিন্তু তার এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটসম্যানরা।
প্রোটিয়াস ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানে মুস্তাফিজু রহমান। দলীয় ৮ রানে কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়ে দারুণ সূচনা করেন তিনি। এরপর পরপর দুটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফাফ ডু প্লেসিসকে নিজের শিকারে পরিণত করেন সাকিব।
এরই ধারাবাহিকতায় হাশিম আমলার উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডেতে দুশ’তম উইকেট নিয়েছেন সাকিব।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলি রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিয়েন, মর্নে মর্কেল, ক্যাগিসো রাবাদা, কাইল অ্যাবোর্ট ও ইমরান তাহির।
