গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে তৃতীয় কিস্তির ঋণ ছাড় দেয়ার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে এ সমালোচনা করা হয়। খবর বিবিসির।
ঋণদানকারী সংস্থা আইএমএফ বলেছে, গ্রিসের সাধারণ ঋণ দেশটিকে ‘খুবই অস্থিতিশীল’ করে তুলেছে। এই অবস্থায় দেশটির ঋণের দায় থেকে মুক্তি প্রয়োজন। গ্রিসকে প্রদেয় ঋণের পরিমাণ কমিয়ে আনারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আইএমএফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জার্মানি ও এর মিত্ররা যদি গ্রিসের ঋণের পরিমাণ না কমায় তাহলে দেশটিকে পরবর্তী কোনো ধরনের ঋণ ছাড়ের ব্যাপারে অংশ নেবে না তারা। উল্লেখ্য, গ্রিসের মোট ঋণের ১০ শতাংশ আইএমএফের প্রদত্ত।
এর আগে জুনের শেষ দিন গ্রিসকে ঋণ পরিশোধে আইএমএফের দেয়া দ্বিতীয় ডেডলাইনের মেয়াদ শেষ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্থাটিকে ১৬০ কোটি ইউরো প্রদান করতে না পারায় ঋণ খেলাপি হিসেবে নাম লেখায় গ্রিস।
