নাটোরে বাসের হেলপারের ধাক্কায় চাকার নিচে পড়ে সাইফুল ইসলাম (২৭) নামে এক বাস যাত্রী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর একটার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৮৭২) একটি যাত্রীবাহী বাস নাটোরের হরিশপুর এসে থামে। এসময় ওই বাসের হেলপার রাজশাহীর যাত্রী সাইফুল ও তার সঙ্গী কাজলকে বাস থেকে নেমে যেতে বলেন। তাদেরকে রাজশাহী নিয়ে যাওয়ার কথা বলে বাসে তুলে এখন কেন নাটোরে নামানো হচ্ছে, এমন প্রশ্ন করলে ওই দুই জনের সাথে বিবাদে জড়িয়ে পড়েন বাসের হেলপার।
এক পর্যায়ে বাসের হেলপার ধাক্কা দিয়ে সাইফুল ও তার সঙ্গীদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে ওই বাসেরই চাকার নিচে পড়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়।
পরে সাইফুলের লাশ রাজশাহী নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাইফুলের সঙ্গীরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ নিয়ে চলে গেছে। ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
