রাজধানীতে প্রায় ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও একটি আয়তকার কষ্টিপাথরসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন—এমকে রেজাউল ইসলাম ওরফে হাবিবুর রহমান, মিঠু শেখ, সুরুজ আলী ও হাসেম মিস্ত্রি। বুধবার সকালে মগবাজার টিএন্ডটি কলোনি ওয়াসা পানির পাম্পে কামরুলের বাসায় অভিযান চালিয়ে কষ্টি পাথর উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, আটকরা তারা তিন স্তরে কাজ করতো। প্রথম স্তরে দেশের গ্রাম-গঞ্জে তাদের এজেন্ট ছড়িয়ে রয়েছে। যারা দেশের বিভিন্ন স্থানে পাওয়া এসব প্রত্নতাত্তিক সম্পদ সংগ্রহ করে। দ্বিতীয় গ্রুপে কাজ করে সুরুজ আলী ও হাসেম মিস্ত্রি। তারা দেশের বিভিন্ন স্থানে পাওয়া এ সকল প্রত্নত্ত্বাতিক সম্পদ এজেন্টের নিকট থেকে সংগ্রহ করে তৃতীয় গ্রুপটির কাছে পৌঁছে দেয়। তৃতীয় গ্রুপে কাজ করে রেজাউল ও মিঠু শেখ। তারা দেশি ও বিদেশি বিভিন্ন ব্যক্তিদের কাছে সংগৃহীত প্রত্নত্ত্বাতিক সম্পদ বিক্রয়ের ব্যবস্থা করে থাকে। পরবর্তীতে বিক্রয়কৃত টাকা সকলের মধ্যে ভাগাভাগি করে নেয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি ও আয়তকার কষ্টি পাথরটি তারা ময়মনসিংহের ফুলপুর থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে আসে। এই কষ্টিপাথরের মূর্তিটি বিক্রয়ের জন্য তারা ১ কোটি টাকা মূল্য নির্ধারন করে কিন্তু ঐ মূল্যের ক্রেতা না পাওয়া কামরুলের বাসায় রাখা হয়। কামরুলকে ধরতে অভিযান চলছে।
