এবারো রাষ্ট্রপতির ইফতার পার্টিতে যাননি নরেন্দ্র মোদী

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ০০:৫৭

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আয়োজনে ইফতার পার্টি ছিলো গতকাল বুধবার। আর সেই ইফতার পার্টিতে যোগ দেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানিয়েছে, পূর্ব-নির্ধারিত বৈঠক থাকার কারণে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইফতার পার্টিতে যেতে পারেননি নরেন্দ্র মোদী। এদিন উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বিশেষ বৈঠক ছিলো। মোদী সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর গত বছরও রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির আয়োজন করেছিলেন প্রণব মুখার্জি। সে সময় দিল্লির বাইরে থাকার কারণে উপস্থিত থাকেননি নরেন্দ্র মোদী।

 

প্রসঙ্গত, মোদী সরকারের পক্ষ থেকে কোনো ইফতার পার্টির আয়োজন না করার জন্য সমালোচনা রয়েছে। অথচ মোদীর পূর্ববর্তী প্রধানমন্ত্রীরা ইফতার পার্টির আয়োজন করতেন। এমনকি ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও ইফতার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কোনো ইফতার পার্টি এবারেও দিচ্ছেন না।