আইওএস-অ্যান্ড্রয়েডকে চ্যালেঞ্জ করবে এইচ৫ওএস

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ১০:০৭

বিশ্বব্যাপী স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চলেছে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস। এর মধ্যে আবার এই বাজারের প্রায় তিন-চতুর্থাংশই দখলে রেখেছে অ্যান্ড্রয়েড। মাইক্রোসফটের উইন্ডোজ ফোন খানিকটা বাজার দখলে রাখলেও তা আইওএস বা অ্যান্ড্রয়েডের সাথে প্রতিদ্বন্দ্বিতার স্থানে পৌঁছাতে পারেনি। ওপেন সোর্স পিসি অপারেটিং সিস্টেম উবুন্টু, মজিলার ফায়ারফক্স ওএস কিংবা স্যামসাংয়ের টিজেন স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বাজারে প্রবেশ করলেও এগুলো তেমন একটা বাণিজ্যিক সাফল্য পায়নি।

স্মার্টফোনের বাজারে তাই নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে বাজার দখলের প্রচেষ্টাকে ভীষণ রকম চ্যালেঞ্জিং মনে করা হয়। তবে এবারে এই চ্যালেঞ্জিং কাজটিই করার পরিকল্পনার কথা জানিয়েছে হংকংয়ের স্টার্ট-আপ অ্যাকাডিন টেকনোলজিস। এইচ৫ওএস অপারেটিং সিস্টেম নিয়ে তারা স্মার্টফোনের বাজারে আইওএস ও অ্যান্ড্রয়েডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অ্যাকাডিন টেকনোলজিসের সিইও লি গং। গত মার্চে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নেওয়ার পরই মূলত তিনি অ্যাকাডিন টেকনোলজিস প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছে তার স্টার্ট-আপ। তবে এতদিন পর্যন্ত গোপনেই নিজেদের কাজ করে গেছে অ্যাকাডিন। কিছুদিন আগে চীনের একটি রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানির কাছ থেকে বিনিয়োগ লাভ করার পরই তারা প্রকাশ্যে নিজেদের অবস্থান জানালো। লি গং জানান, চীনের টিংহুয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হংকংয়ের টিংহুয়া ইউনিগ্রুপ ইন্টারন্যাশনাল বিনিয়োগ করেছে অ্যাকাডিন টেকনোলজিসে। টিংহুয়া ইউনিগ্রুপের পক্ষ থেকেও এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। এই বিবৃতিতে কোম্পানির চেয়ারম্যান ঝাও ওয়েইগুয়ো বলেন, ‘একটি সত্যিকারের উন্মুক্ত মোবাইল অপারেটিং সিস্টেম তৈরিতে লি গংয়ের স্টার্ট-আপের সাথে যুথবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ এই অপারেটিং সিস্টেম তৈরি করতে গিয়ে মজিলার ফায়ারফক্স ওএসের সাথেও কাজ করবে অ্যাকাডিন। মজিলার এই মোবাইল অপারেটিং সিস্টেম পূর্ণাঙ্গভাবে ওপেন সোর্স হওয়ায় এর থেকে বিভিন্ন ফিচার নেওয়াতেও কোনো বাঁধা নেই অ্যাকাডিনের। তবে অ্যাকাডিন প্রচলিত সব মোবাইল অপারেটিং সিস্টেমের মডেলের বাইরে গিয়েই পৃথক ও নিজস্ব একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরিতেই মনোযোগী হবে বলে জানিয়েছেন লি গং। অবশ্য কবে নাগাদ তাদের এই এইচ৫ওএস বাজারে আসবে, সে সম্পর্কে কোনো তথ্য জানাননি গং।