নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারী খাস ভূমিতে ভবন নির্মাণ কাজে বাধা দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ইউএনওসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন-কোম্পানীগঞ্জ নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সালেহ উদ্দিন ও গাড়িচালক মোঃ মমিন উল্যাহ।
জানা যায়, উপজেলার চাপরাশিরহাট বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের খাস জায়গায় আমেরিকান প্রবাসী হানিফ চুকানী অনেক দিন আগ থেকে ভবন নির্মাণের কাজ চালিয়ে আসছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়লে তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু চুকানী তার নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যায়। বৃহস্পতিবার এটি ইউএনও’র নজরে আসলে তিনি নির্মালণ কাজ বন্ধ করতে নির্দেশ দনে। এসময় কয়েকজন তার উপর হামলা চালালে তিনিসহ তিনজন আহত হন। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত কোম্পানীগঞ্জ নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, জেলা পরিষদের খাস জমির উপর ভবন নির্মাণে বাধা দিলে আমার উপর অতর্কিত হামলা করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, একজন নির্বাহী অফিসারের উপর এভাবে হামলা কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
