মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইরান চুক্তির বিরোধিতাকে 'বিশ্বের ৯৯ শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর সাথে তুলনা করেছেন। রিপাবলিকানদের ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের পরমাণু সমস্যার সত্যিকার কোনো বিকল্প প্রস্তাব দিতেও তারা ব্যর্থ হয়েছেন। সমালোচকরা চুক্তিকে প্রভাবিত করতে পারবেন না এমন কথাও সাফ জানিয়ে দেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, দেশে বিদেশে যারা চুক্তিটির বিরোধিতা করছে তারা মূলত যুদ্ধকেই সমাধানের একমাত্র উপায় বলে চিহ্নিত করতে চাইছেন।
ওবামা বলেন, বিশ্বের ৯৯ শতাংশ লোক এবং অধিকাংশ পরমাণু বিশেষজ্ঞ চুক্তির মধ্যদিয়ে ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। যদি কেউ এর বিপক্ষে থাকেন তবে তার উচিত বিকল্প প্রস্তাব দেয়া।
তিনি বলেন, কিন্তু আমি তা শুনিনি। ফলে আমাদের কাছে কেবলমাত্র দুটি পথই খোলা ছিল। এর একটি সমস্যার কূটনৈতিক সমাধান এবং অপরটি যুদ্ধ।
এদিকে ওবামার বিরোধী পক্ষ রিপাবলিকানরা তার বিরুদ্ধে আপোষ করার অভিযোগ এনেছেন। তারা চুক্তি নিয়ে কংগ্রেসে ভোটাভুটিকালে এর বিপক্ষে অবস্থান নেয়ারও পরিকল্পনা করছেন। এছাড়া ইসরাইল এ চুক্তিকে 'ঐতিহাসিক ভুল' হিসেবে বর্ণনা করেছে।
উল্লেখ্য,দুই বছরের দীর্ঘ আলোচনা শেষে মঙ্গলবার ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: এএফপি
