আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় মোল্লা ওমরের সমর্থন

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ২০:৫৯
 
আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা সমর্থন করেছেন দেশটির শীর্ষ তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর। গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 
ওই বিবৃতিতে মূলত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল-ফিতর উপলক্ষে একটি বার্তা দেন মোল্লা ওমর। এতে সরাসরি আলোচনার কথা উল্লেখ না করলেও ওমর বলেন, ‘শত্রুদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় ইসলাম বাধা দেয় না’।
 
গত সপ্তাহে পাকিস্তানের উদ্যোগে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এটিই  ছিল উভয়পক্ষের প্রথম মুখোমুখি আলোচনা।
 
গত বছর ডিসেম্বরে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর তালেবান হামলা অনেক বেড়ে গেছে।
 
তালেবান ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিদেশি বাহিনীর দখল থেকে দেশকে উদ্ধারে এ আলোচনা একটি ‘বৈধ’ উপায় হতে পারে।
 
বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিয়েও কথা বলা হয়। সম্প্রতি আফগানিস্তানে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। আইএস জঙ্গিরা তালেবান জঙ্গিদেরকে হটিয়ে আফগানিস্তানের বেশ কিছু এলাকার দখল নিয়েছে এবং বেশ কিছু তালেবান জঙ্গিকে দলে ভিড়িয়েছে।