রিকশা আরোহীকে পিটুনি

জনতার ধাওয়া খেয়ে পালাল ট্রাফিক পুলিশ

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ০৩:১০

রাজধানীর পান্থপথ মোড়ে এক রিকশা আরোহীকে অযথাই বেধড়ক পিটিয়ে জনতার রোষে পড়েছিলেন ট্রাফিক কনস্টেবল মহিউদ্দিন। পরে অতিরিক্ত পুলিশ এসে সাধারণ মানুষকে পিটিয়ে কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় পিটুনি খাওয়া যুবকেই উল্টো ধরে নিয়ে গিয়েছিল কলাবাগান থানা পুলিশ। কনস্টেবলের বিরুদ্ধে কোন অভিযোগ করবে না এই শর্তে পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। অন্যথায় তাকে জেলে পাঠানো হবে বলে হুমকি দেয়া হয়েছিল।

 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ট্রাফিক পুলিশের কনস্টেবল মহিউদ্দিনের সঙ্গে পান্থপথ সিগন্যালে এক রিকশা আরোহীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহিউদ্দিন তার হাতে থাকা লাঠি দিয়ে ওই রিকশারোহীকে বেধড়ক পেটাতে থাকেন। এতে তিনি মারাত্মক আহত হন। এই দৃশ্য দেখে সাধারণ পথচারীরা উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশের সদস্যকে ধাওয়া করেন। এ সময় ধাওয়া খেয়ে তিনি পান্থপথ ট্রাফিক বক্সের ভেতরে গিয়ে আশ্রয় নেন। এ সময় জনতা ওই ট্রাফিক বক্সটি জনতা ঘিরে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে ট্রাফিক পুলিশের ওই সদস্যকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় লোকজন তার বিচার দাবি করলে পুলিশ সদস্যরা সাধারণ পথচারীদের উপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশের পিটুনিতে আহত যুবককে ধরে নিয়ে যায়।
 
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল ইত্তেফাককে বলেন, ওই যুবককে থানায় আনার পর তিনি কনস্টেবলের বিরুদ্ধে কোন অভিযোগ দিতে চাননি। তাছাড়া কনস্টেবল মহিউদ্দিন যে ওই যুবকের উপর হামলা চালিয়েছে তার কোন প্রত্যক্ষদর্শীও সে হাজির করতে পারেনি। তাই বিষয়টি মীমাংসা করে যুবককে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে শেষ পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।