যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে একজন বন্দুকধারীর গুলিতে চার মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েক জন আহত হয়েছেন। টেনিসির চ্যাটানুগায় নেভি ভবনে এই ঘটনা ঘটে।
স্থানীয় একজন আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, গুলি করে মেরিন সেনা হত্যার ঘটনাটি 'অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী তৎপরতা' হিসেবে তদন্ত করা হচ্ছে।
IMG0
২৪ বছর বয়সী বন্দুকধারীর নাম মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, তার জন্ম মধ্যপ্রাচ্যে।
প্রেসিডেন্ট ওবামা তার প্রতিক্রিয়ায় বলেছেন, হামলার ঘটনাটি 'হৃদয়বিদারক'। সন্দেহভাজন হামলাকারী একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিরাপত্তাবাহিনীর সূত্রে বিবিসি জানিয়েছে, আব্দুল আজিজ কুয়েতে জন্মগ্রহণ করেছিলেন। তবে বেশ কয়েক বছর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এ বছর শুরুর দিকে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে আটক হয়েছিলেন।
IMG1
টেনিসি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে একই নামে একজন প্রকৌশল বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তবে সেই ব্যক্তিই হামলাকারী কি না তা নিশ্চিত করতে পারেননি বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র।
চ্যাটানুগা টাইমসের খবরে জানানো হয়েছে, হামলাকারী স্থানীয় একটি হাই স্কুলে পড়তেন। সেখানে তিনি রেসলিং দলের সদস্য ছিলেন। স্কুলের ইয়ারবুক-এ তিনি লিখেছিলেন, নামের কারণে আমাকে নিরাপত্তাজনিত ঝামেলায় পড়তে হয়। আপনার ক্ষেত্রেও কি তাই?
