যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে চার মেরিন সেনা নিহত হওয়ার ঘটনাকে 'হৃদয়বিদারক' হিসেবে বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্দেহভাজন হামলাকারী একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও তিনি জনিয়েছেন।
ওবামা তার ওভাল অফিসে বলেন, 'এই চারজনের মৃত্যু হৃদয়বিদারক অবস্থা সৃষ্টি করেছে। এত বছর ধরে যারা দেশের সেবা করেছেন তাদের এমন মৃত্যু মেনে নেয়া যায় না।'
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে একজন বন্দুকধারীর গুলিতে চার মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েক জন আহত হয়েছেন। টেনিসির চ্যাটানুগায় নেভি ভবনে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কিছু জানাতে পারেনি দেশটির কর্মকর্তারা।
স্থানীয় একজন আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, গুলি করে মেরিন সেনা হত্যার ঘটনাটি 'অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী তৎপরতা' হিসেবে তদন্ত করা হচ্ছে।
২৪ বছর বয়সী হামলাকারীর নাম মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, তার জন্ম মধ্যপ্রাচ্যে। সূত্র: বিবিসি, আল জাজিরা
