‘ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর-সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি- পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। এ দিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন।’
