রাজধানীর দক্ষিণ ও উত্তর দুই সিটি কর্পোরেশন নিজস্ব তত্ত্বাবধানে ৯৩টি ওয়ার্ডে এবার ৩৭৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল সাড়ে ৮টায়।
রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম দেশগুলোর কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায়। ১ ঘণ্টা পরপর অন্য চারটি জামাত যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে—আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠেয় ঈদ জামাত দেশের প্রধান ঈদ জামাত হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত হয়। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেন।
ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে চারটি করে ৩৭৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাত-উল-ইসলাম বাসসকে জানান—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে চারটি করে ২২৮টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ কর্মকর্তা আব্দুল বারী জানান—উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডের কোনটিতে চারটি আবার কোনটিতে পাঁচটি করে মোট ১৫১টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতটি সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট-সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে ঈদুল ফিতরের দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।
আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি মসজিদে ৩টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সাড়ে ৮টায় এবং তৃতীয় ও শেষ ঈদ জামাতটি হয় সকাল সাড়ে ৯টায়।
এ ছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা ও খোলা মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সকাল ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আরও অনেক ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
