ইরাকের বাগদাদের পার্শ্ববর্তী খান বানি সাদ এলাকায় ঈদের দিন গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। হামলায় শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা।
হামলার দায় স্বীকার করে টুইট করেছে আইএস। টুইট বার্তায় জানানো হয়েছে, গাড়িটিতে প্রায় তিন টন বিস্ফোরক ছিল।
বিস্ফোরণের পর ক্ষুব্ধ জনতা রাস্তার পাশে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়। প্রাদেশিক সরকার সেখানে তিন দিনের শোক ঘোষণা করেছে। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত সেখানকার বিনোদন পার্কগুলো বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইএস জঙ্গিরা শহরটির ব্যস্ততম মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। সেখানে লোকজন ঈদ উদযাপন করছিল। ভয়াবহ এই হামলার পর বিস্ফোরণ স্থলে লোক জনকে ছিন্নভিন্ন মৃতদেহ সবজির ঝুড়িতে করে সরিয়ে নিতে দেখা যায়। '
বিস্ফোরণে আরো বহু মানুষ আহত হয়েছে। শহরটি রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।
